অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ এবং বর্তমানে সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার মধ্যে আছেন। এ কারণে শুটিং বা কাজসংক্রান্ত যোগাযোগ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
পরে শনিবার ভালোবাসা দিবসে দেওয়া আরেক পোস্টে তানিয়া বৃষ্টি নিজেই জানান, তাঁর মাথায় অস্ত্রোপচার হবে।
তিনি লেখেন, ‘কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’ পোস্টটি প্রকাশের পর সহকর্মী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
অভিনেত্রীর পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে তিনি তীব্র মাথাব্যথা এবং মাঝে মাঝে জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। প্রথমে বিষয়টি সাধারণ অসুস্থতা ভেবে গুরুত্ব না দিলেও সম্প্রতি অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা ব্রেন টিউমার শনাক্ত করেন।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার অন্য একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসক দল বিকেল চারটার দিকে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
