তিশা-অথৈ দ্বন্ধে অভিনয়শিল্পী সংঘের বিবৃতি

নিউজনেক্সট অনলাইন :

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

নাটকের শুটিং সেটে অভিনেত্রী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ উঠেছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে এ অভিযোগের কথা জানান সামিয়া অথৈ। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ঘটনাকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনটি সরাসরি নাম উল্লেখ না করলেও সাম্প্রতিক ঘটনাটির প্রসঙ্গ টেনে বলেছে, কোনো সদস্যের সাথে জটিলতা বা মতভেদ সৃষ্টি হলে তা সংগঠনকে অবহিত না করে সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা সংগঠনের আচরণবিধির পরিপন্থি।

সহশিল্পীর আঘাতের অভিযোগ, পাল্টা ব্যাখ্যা তানজিন তিশা

বিবৃতিতে বলা হয়, এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আলোচনা, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া এবং সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়েই সমাধান হওয়া উচিত। সংগঠনের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা একতরফাভাবে উপস্থাপিত হলে তা সংশ্লিষ্ট পেশাজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং বিভ্রান্তি ও নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে।

এছাড়া, আচরণবিধি লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। সংগঠনটি জানিয়েছে, প্রয়োজন হলে যে কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ তাদের বিবৃতিতে আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রায়াল’ বা জনমতের আদালত তৈরি না করে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমেই উদ্ভূত সমস্যার সমাধান সম্ভব বলে তারা বিশ্বাস করে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *