শিল্পকলা একাডেমির সম্মাননায় সিক্ত কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি, বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

জাতীয় সংস্কৃতির বিকাশ ও লালনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ শুক্রবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতেই সৈয়দ আব্দুল হাদীর জীবন, কর্ম ও সংগীতে অবদানের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক হেলাল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, ‘বাংলা গানের উচ্চতা এখন অনেকাংশে নির্ণীত হয় সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠস্বরকে ঘিরে।

তার গান ও শিল্পসত্তা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এক অনন্য মানদণ্ড।’

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘বিগত সময়ে আমাদের সংস্কৃতির অনেক ক্ষতি হয়েছে। সংস্কৃতি অঙ্গনকে নতুনভাবে সাজিয়ে রবীন্দ্রনাথ-নজরুলসহ সমগ্র সাংস্কৃতিক ধারাকে একসঙ্গে এগিয়ে নিতে আমরা কাজ করছি।’

সম্মাননা গ্রহণ করে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগঘন বক্তব্য দেন সৈয়দ আব্দুল হাদী। তিনি বলেন, ‘আমি সকলের প্রশংসায় আকণ্ঠ নিমজ্জিত হয়েছি। আমি সকলের প্রতি অনুরোধ জানাই, আমরা যেন আমাদের ভারে দেশটাকে ভারাক্রান্ত না করে ফেলি। সবাই যেন দেশটাকে ভালোবাসি।’

- Advertisement -

সন্ধ্যায় দ্বিতীয় পর্ব ‘গীতসন্ধ্যা’য় সৈয়দ আব্দুল হাদীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার জনপ্রিয় গান পরিবেশন করেন নতুন প্রজন্মের শিল্পীরা। অনুষ্ঠানে স্মৃতিচারণার পাশাপাশি পরিবেশিত হয় তার কালজয়ী গান। ‘আছেন আমার মোক্তার’ ও ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’ গান দুটি সমবেত কণ্ঠে পরিবেশিত হয়।

অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে নিজস্ব কণ্ঠমাধুর্য, শিল্পনিষ্ঠা ও অনবদ্য পরিবেশনার মাধ্যমে বাংলা গানকে সমৃদ্ধ করেছেন সৈয়দ আব্দুল হাদী। তার সেই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ বিশেষ সম্মাননা প্রদান করে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *