কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
ফাইল ছবি।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মুজিবুর রহমান। তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার বাসিন্দা এবং অজিব উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে মুজিবুর রহমান সীমান্তবর্তী মনু নদীতে মাছ ধরতে যান। এ সময় তিনি অনিচ্ছাকৃতভাবে ভারতীয় সীমান্তের ভেতরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে দাবি করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম জানান, নিহতের স্বজনদের মাধ্যমে তিনি মৃত্যুর খবর পেয়েছেন। বর্তমানে মুজিবুরের মরদেহ ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলা হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।

এদিকে, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে গুলির ঘটনার বিষয়ে তারা অবগত রয়েছেন। তবে নিহতের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আসিফ মহিউদ্দিনও জানান, সীমান্তে গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিএসএফ ওই যুবককে ভারতীয় হাসপাতালে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *