বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি সই করেছে বিমান

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ছবি - সংগৃহীত।

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং–এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি করেছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, বিমান বহরে যুক্ত হবে মোট ১৪টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ মডেলের উড়োজাহাজ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে বিমানের বহর আধুনিক হবে এবং যাত্রীসেবার মান আরও উন্নত হবে।

অনুষ্ঠানে বোয়িংয়ের পক্ষ থেকে বলা হয়, এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও দৃঢ় হলো। একই সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বিমানের সক্ষমতা বাড়বে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় বিমান সংস্থাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে বহর আধুনিকায়ন ও নতুন রুট চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার রুটে ফ্লাইট পরিচালনা আরও জোরদার করা সম্ভব হবে।

জানা গেছে, নতুন প্রজন্মের এসব উড়োজাহাজ আগের তুলনায় প্রায় ২০ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয়ী। পাশাপাশি যাত্রীদের জন্য উন্নত সুবিধাও থাকবে। স্বল্প ও দীর্ঘ দূরত্বের রুটে একসঙ্গে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই বহর সম্প্রসারণ পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলারের এই বিনিয়োগ দেশের বেসামরিক বিমান চলাচল খাতে অন্যতম বড় ক্রয়চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক রুটে বিমানের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং আকাশপথে যাত্রী পরিবহন খাত আরও শক্তিশালী হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *