ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের জন্য মোট ৪৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়।
এ সময়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তাঁর কাঙ্খিত ‘হাঁস’ প্রতীক দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, ছয়টি আসনের মধ্যে ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। চূড়ান্ত প্রার্থী সংখ্যা এখন ৪৮ জন, যার মধ্যে দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের ব্যক্তিগত পছন্দমত প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতীক পাওয়ার পর উচ্ছ্বসিত রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, “আমি আমার ভোটার, কর্মী ও সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারা যখন আমাকে দেখে, ছোট ছোট বাচ্চারা চিৎকার করে—‘আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা’। তাই এই প্রতীক আমার নয়, এটি আমার ভোটারদের মার্কা।”
তিনি আরও জানান, “আমি আগে হাঁস পালন করতাম। আমার হাঁস চুরি হলে চোরকে ছাড়িনি, মামলা করেছি, জেলেও পাঠিয়েছি। যদি কেউ আমার প্রতীক চুরি করার চেষ্টা করে, আমি যথাযথ ব্যবস্থা নেব।”
রুমিন ফারহানা শেষ করেন, “আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা আমাকে নির্বাচিত করলে, তারা যা চাইবেন, যেভাবে চাইবেন, আমি সেইমতোই এলাকায় উন্নয়ন কার্যক্রম চালাব।”
