এক সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন রাজনীতিক এখন জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু এবং জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
নেত্রকোনা-৪ আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পান, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আল হেলাল পেয়েছেন মাত্র ৩৯ হাজার ৮৪০ ভোট। বাবর তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ ২০ হাজার ৯৬১ ভোটে এগিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
টাঙ্গাইল-২ আসনে বিএনপির আবদুস সালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট।
রংপুর-২ আসনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে জয় পেয়েছেন। তিনি ১ লাখ ৩৯ হাজার ৬৮০ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯ হাজার ৯১০ ভোট।
উল্লেখযোগ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় লুৎফুজ্জামান বাবর ও আবদুস সালাম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। এর ধারাবাহিকতায় ২৭ মে আপিল বিভাগ এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বাতিল করে তাকে খালাস দেয়। এখন এক সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন নেতা সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
