ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে মিশর, মালয়েশিয়া ও জার্মানি। একইসঙ্গে নবগঠিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে দেশগুলো।
ঢাকাস্থ মিশর দূতাবাস এক বিবৃতিতে জানায়, কায়রো বিএনপি এবং তারেক রহমানকে নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। সফলভাবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এই নির্বাচন বাংলাদেশি জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী মিশর।
এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বার্তায় তারেক রহমান ও বিএনপিকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি বলেন, এই বিজয় গণতন্ত্রের জয় এবং বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের রায় স্পষ্টভাবে প্রকাশ করেছে। ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ককে নতুন গতি দিতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে মালয়েশিয়া উন্মুখ বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে ঢাকাস্থ জার্মান দূতাবাস এক বিবৃতিতে বিএনপির বিজয়ে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ভোটারদের অর্থবহ গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশংসা করেছে। জার্মানি জানিয়েছে, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের পথে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখতে নবনির্বাচিত সরকার ও জাতীয় সংসদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা তাদের রয়েছে।
