লাইসেন্স পেল রূপপুরের প্রথম ইউনিট, এপ্রিলেই শুরু হতে পারে জ্বালানি লোডিং

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ) পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প-এর প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির নিউক্লিয়ার রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচার শাখার প্রকল্প পরিচালক ড. মাহবুবুর রহমান। তিনি জানান, নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় সব অনুমোদন দেওয়া হয়েছে এবং এখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হবে।

বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৭ এপ্রিল উদ্বোধনের পরিকল্পনা থাকলেও কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বিষয় সামনে আসায় সময় নেওয়া হয়। সেসব সমস্যা সমাধান করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পরই লাইসেন্স প্রদান করা হয়েছে।

এদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, জ্বালানি লোডিংয়ের আগে প্রয়োজনীয় প্রস্তুতির বড় অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অনাপত্তিপত্রও পাওয়া গেছে এবং নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে ফিজিক্যাল স্টার্টআপের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি এপ্রিলের শেষ দিকে প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন হতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *