আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার রংপুর ও রাজশাহী সফরকালে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে শৃঙ্খলা, ধৈর্য, সংযম ও নাগরিকবান্ধব আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সেনাবাহিনীর প্রধান অগ্রাধিকার।
পরিদর্শনকালে তিনি মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করেন এবং দায়িত্বে নিয়োজিত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
রংপুর সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় সেনাবাহিনী প্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। পরে রাজশাহীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এ একই ধরনের আরেকটি সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার, সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির বিষয়গুলো গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
রংপুর ও রাজশাহী সফরকালে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া এবং সেনাসদরসহ সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও মতবিনিময় সভায় অংশ নেন।
