নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে: এনসিপি

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

ঢাকার রমনার হাবিবুল্লাহ বাহার কলেজে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় বিএনপির শীর্ষ নেতাদের জড়িত থাকার অভিযোগ তুলেছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্দেশে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে এ হামলা সংঘটিত হয়েছে।

মঙ্গলবার হামলার ঘটনার পর জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত সন্ত্রাসী হামলা। তাঁর অভিযোগ, ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী ও ক্যাডাররা পরিকল্পিতভাবে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, একদিকে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, অন্যদিকে বিরোধী প্রার্থীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে পুরোনো রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের রাজনীতি বাংলাদেশে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে নির্বাচন কমিশন, কলেজ প্রশাসন এবং বিএনপির দলীয় অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, এসব ঘটনার জবাব রাজপথে দেওয়া হবে এবং ১২ তারিখে কর্মসূচির মাধ্যমে তার প্রতিক্রিয়া জানানো হবে।

উল্লেখ্য, জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মির্জা আব্বাস। এ প্রেক্ষাপটে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম মির্জা আব্বাসকে উদ্দেশ করে বলেন, নির্বাচন মানে মতের লড়াই, সহিংসতা নয়। জনগণই ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে—কে জনগণের পক্ষে আর কে সন্ত্রাসের রাজনীতি করে। তিনি দাবি করেন, অতীত রাজনীতির ইতিহাস জনগণ ভুলে যায়নি এবং প্রয়োজন হলে সব দলের অতীত নিয়েই কথা বলা হবে।

এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *