সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন, সচিবালয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। রোববার (২৫ মে) সচিবালয়ের ভেতরে এই কর্মসূচি পালন করেন তারা। সংগঠনটি অধ্যাদেশটিকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায় দিয়ে দ্রুত তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সকালে সচিবালয় প্রাঙ্গণে শত শত কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ দপ্তর ছেড়ে মিছিলে যোগ দেন। তারা ‘অবৈধ কালো আইন মানি না’ সহ বিভিন্ন স্লোগান দেন এবং সচিবালয়ের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করেন।

সংযুক্ত পরিষদের সভাপতি মো. বদিউল কবীর দুপুরে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। এরপর আন্দোলনকারীরা সচিবালয়ের বাদামতলা এলাকায় অবস্থান নেন।

এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে নতুন অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়া হয়।

কর্মচারীদের অভিযোগ, খসড়া অধ্যাদেশে সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু ‘নিবর্তনমূলক ধারা’ পুনঃপ্রবর্তনের মাধ্যমে কর্মকর্তাদের বিরুদ্ধে সহজে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং চাকরি থেকে বরখাস্তের সুযোগ রাখা হয়েছে। তারা এই খসড়াকে সংবিধানবিরোধী দাবি করে অবিলম্বে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

সংযুক্ত পরিষদ জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *