সাময়িক বরখাস্ত উপমহাব্যবস্থাপককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিমান

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাময়িক বরখাস্ত করা উপমহাব্যবস্থাপক (আইনবিষয়ক) মো. আল মাসুদ খান। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাময়িক বরখাস্ত উপমহাব্যবস্থাপক (আইনবিষয়ক) মো. আল মাসুদ খানের বিরুদ্ধে অনুমতি ছাড়া অফিসে প্রবেশ ও গুরুত্বপূর্ণ নথি সরানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে ‘কারণ দর্শানোর নোটিশ’ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বরখাস্ত থাকা অবস্থায় গত শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টা ১৪ মিনিটে মাসুদ খান প্রধান কার্যালয় বলাকা ভবনের আইন উপবিভাগে প্রবেশ করেন। প্রায় আধা ঘণ্টা পর ১২টা ৪৭ মিনিটে তিনি একটি ব্যাগ হাতে বেরিয়ে যান। অভিযোগ, ওই দিন অফিস বন্ধ ছিল এবং প্রবেশের সময় তিনি ফেস আইডি ব্যবহার করেননি।

বিমান কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, আইন উপবিভাগ একটি অত্যন্ত গোপনীয় দপ্তর, যেখানে সংবেদনশীল দলিল ও মামলাসংক্রান্ত নথি সংরক্ষিত থাকে। বরখাস্ত অবস্থায় অনুমতি ছাড়া প্রবেশ ও নথি বহনের ঘটনা সন্দেহজনক হিসেবে দেখা হচ্ছে। নোটিশে মাসুদ খানকে ৯৬ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা না দিলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ৯ অক্টোবর দুর্নীতি, তথ্য গোপন ও আদালতের নির্দেশনা অমান্যের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তিনি শুধুমাত্র বর্তমান ঠিকানায় অবস্থান এবং নিয়মিত হাজিরা দেবেন, এ নির্দেশনা ছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত প্রতিবেদন সময়মতো দাখিল না করার অভিযোগও রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯-এর ৫৮ ধারার ক্ষমতাবলে সাময়িক বরখাস্তের এ আদেশ জারি করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন এবং নিয়মিত হাজিরা দিতে হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *