বাজেট ঘোষণা আজ, সতর্ক পদক্ষেপের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক :

3 Min Read

আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট। বিকেল ৩টায় রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বাজেট ঘোষণা করা হবে। একই সঙ্গে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে বাজেট বক্তৃতা প্রচারের জন্য ফিড সরবরাহ করবে বিটিভি।

অর্থ উপদেষ্টার বাজেট উপস্থাপনের আগে সকালে একটি বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠকে বাজেটের অনুমোদন দেওয়া হবে। জাতীয় সংসদ না থাকায় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট কার্যকর করা হবে বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার বাজেটের আকার কমিয়ে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এটি স্বাধীনতা-পরবর্তী সময়ে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাসের ঘটনা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

নতুন বাজেটে পরিচালন খাতে বরাদ্দ বাড়িয়ে ৫ লাখ ৫০ হাজার কোটি টাকা করা হচ্ছে, যেখানে চলতি বাজেটে ছিল ৫ লাখ ৬ হাজার ৯৭১ কোটি টাকা। তবে উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে ২ লাখ ৪০ হাজার কোটি টাকা করার পরিকল্পনা রয়েছে। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ২ লাখ ৮১ হাজার ৪৫৩ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২ লাখ ৩০ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হতে পারে, যেখানে চলতি অর্থবছরে এডিপি ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।

অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকুচিত মুদ্রানীতির সঙ্গে সমন্বয় রেখে ব্যয় সংকোচন এবং বাজেট বাস্তবায়নযোগ্য রাখতেই বাজেটের আকার কমানো হয়েছে।

প্রতি বছর জুন মাসের কোনো বৃহস্পতিবার বাজেট ঘোষণার প্রচলন থাকলেও এবার ঈদুল আজহার আগেই বাজেট দিতে হচ্ছে বলে তার ব্যতিক্রম ঘটেছে। ঈদের ছুটি শুরু হবে জুনের দ্বিতীয় সপ্তাহে, সেই বিবেচনায় আজ ২ জুন বাজেট ঘোষণা করা হচ্ছে।

এর আগে ২০০৭ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম এবং ১৯৯৬ সালে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ টেলিভিশনে বাজেট ঘোষণা করেছিলেন। এবার নিয়ে তৃতীয়বারের মতো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে টেলিভিশনে বাজেট উপস্থাপন করা হচ্ছে।

বাজেট বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের গঠন প্রেক্ষাপট, দেশের সামষ্টিক অর্থনীতি এবং সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হবে। ঘোষিত বাজেট সংক্রান্ত যাবতীয় তথ্য ও দলিল অর্থ মন্ত্রণালয়ের www.mof.gov.bd এবং জাতীয় রাজস্ব বোর্ডের www.nbr.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া দেশ-বিদেশ থেকে যে কেউ [email protected]এই ঠিকানায় মতামত ও পরামর্শ পাঠাতে পারবেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *