এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ফাইল ছবি।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডে মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ জন পরীক্ষার্থী এবং ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষার বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। কমিটির ভাষ্য অনুযায়ী, সামগ্রিকভাবে পরীক্ষার পরিবেশ ছিল সন্তোষজনক।

পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৯০ জন, মাদ্রাসা বোর্ডে ১১ হাজার ২১১ জন এবং কারিগরি বোর্ডে ২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বহিষ্কৃতদের মধ্যে সাধারণ বোর্ডে ২ জন এবং মাদ্রাসা বোর্ডে ৪ জন শিক্ষার্থী রয়েছে। কারিগরি বোর্ডে বহিষ্কার হয়েছেন ১ জন পরিদর্শক।

প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে বলা হয়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে মোট ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৫ শতাংশ। মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জনের মধ্যে অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন; অনুপস্থিতির হার ৪ দশমিক ৪০ শতাংশ। কারিগরি বোর্ডে ১ লাখ ১৯ হাজার ২৫০ জনের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন পরীক্ষায় অংশ নেয়, যেখানে অনুপস্থিতির হার ১ দশমিক ৯৩ শতাংশ।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি জানান, বিদেশের ৯টি কেন্দ্র ছাড়া দেশের ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রথম দিনের পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রীও। এক ব্রিফিংয়ে তিনি বলেন, পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ ছিল এবং প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছে।

উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন এবং প্রশ্নপত্র পরিবহনে ডিজিটাল নজরদারিসহ বিভিন্ন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *