গত ৯ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে বিসিবি পরিচালক আসিফ আকবর ফুটবল ও ফুটবলারদের নিয়ে করা মন্তব্যে সমালোচনার ঝড় উঠে। চার দিন পর শনিবার (১৫ নভেম্বর) বাফুফে সভাপতি তাবিথের কাছে বিসিবি চিঠি পাঠিয়ে আসিফ আকবরের বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছে।
চিঠিতে বিসিবি সভাপতি জানিয়েছেন, আসিফ আকবর ওই দিন কাউন্সিলর হিসেবে বক্তব্য দিয়েছিলেন, বিসিবি পরিচালক হিসেবে নয়। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে যে মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা তিনি জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে করেছেন।
তার বক্তব্য মূলত তার জেলা পর্যায়ের ক্রিকেট কার্যক্রম ও মাঠ ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিনের হতাশা ও জটিলতার প্রেক্ষিতে ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ।
বিসিবি স্পষ্ট করেছেন, আসিফের বক্তব্য একান্তই ব্যক্তিগত এবং এটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান হিসেবে গণ্য করা যাবে না।
চিঠিতে বলা হয়েছে, কোনও ব্যক্তির মতামত কখনোই বিসিবির অবস্থান প্রতিফলন করে না। যদি ওই বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে আঘাত বা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
ফুটবলারদের সরাসরি সমালোচনা করার কারণে আসিফকে তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল ফুটবল সম্প্রদায়। যদিও তিনি ক্ষমা চায়নি, তবুও বিসিবি চিঠিতে ফুটবল ও ক্রিকেটসহ দেশের সব ক্রীড়া সংস্থার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের প্রধান দুই ক্রীড়া খেলা ফুটবল ও ক্রিকেট একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং ক্রীড়াঙ্গনে ঐক্যের প্রতীক।
