সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক আনিস আলমগীর রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে মেট্রোপলিটন পুলিশের একটি সাদা গাড়িতে করে আনিস আলমগীরকে আদালতে আনা হয়। কড়া নিরাপত্তায় তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। এ সময় তার পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট ও হাতে হাতকড়া।

রিমান্ড শুনানিতে আদালতের অনুমতি নিয়ে আনিস আলমগীর নিজ বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, তিনি একজন পেশাদার সাংবাদিক এবং তার কাজ ক্ষমতাকে প্রশ্ন করা। কোনো রাজনৈতিক দলের অনুগত হওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, সাংবাদিক হিসেবে তিনি সব সরকারের সময়েই প্রশ্ন করেছেন এবং ভবিষ্যতেও করবেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে দাবি করেন, সাংবাদিকতার আড়ালে আসামি দেশবিরোধী ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত এবং পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তার বক্তব্যে নিষিদ্ধ সংগঠনের কর্মীদের উসকে দেওয়ার উপাদান রয়েছে বলেও আদালতকে জানান তিনি।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী নাজনীন সুলতানা রিমান্ডের বিরোধিতা করে বলেন, আনিস আলমগীর একজন খ্যাতিমান সাংবাদিক ও শিক্ষক। মতপ্রকাশের স্বাধীনতার আওতায় তিনি টকশো ও লেখালেখিতে বক্তব্য দিয়েছেন, যা অপরাধ হিসেবে গণ্য হতে পারে না।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে বের হওয়ার সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আনিস আলমগীরকে হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এদিকে গত রাতে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা ও উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন টকশোর মাধ্যমে নিষিদ্ধ সংগঠনকে পুনর্বাসনের অপচেষ্টা এবং রাষ্ট্রবিরোধী গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *