নারীদের ক্ষমতায়ন ছাড়া বাংলাদেশের উন্নতি সম্ভব নয়: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক :

3 Min Read

বিএনপির ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসবেন। এই দিনে তাকে কোটি কোটি মানুষ গণসংবর্ধনায় বরণ করে নেবে। তিনি আরও বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, ইনশা আল্লাহ জনগণ তার নিরাপত্তা নিশ্চিত করবে।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর গোপীবাগের জিয়া মাঠের পাশের নাজমা টাওয়ারে ওয়ারী থানার ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের আয়োজনে এক অনুষ্ঠানে ইশরাক এসব মন্তব্য করেন। তিনি বলেন, এমন কোনো শক্তি নেই যা কোটি মানুষের বুক ভেদ করে তার ক্ষতি করতে পারে।

নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে কথা বলেন ইশরাক। তিনি বলেন, নারীদের অংশগ্রহণ ছাড়া আগামী দিনের বাংলাদেশ গড়া সম্ভব নয়। দেশের মোট ভোটারের প্রায় ৫২ শতাংশ নারী। তাই নারীরা ভোটাধিকার প্রয়োগে এগিয়ে আসলে রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আসবে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য বিশেষ আইন ও নীতিমালা প্রণয়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

ইশরাক আরও জানান, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড চালু করবে, যা নিম্নবিত্ত ও প্রান্তিক পরিবারের গৃহিণীদের নামে ইস্যু করা হবে। এর মাধ্যমে নারীরা আর্থিকভাবে ক্ষমতায়িত হবে।

নির্বাচন প্রসঙ্গে ইশরাক বলেন, বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে। ভোট কারচুপি রোধে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং নারী ভোটকেন্দ্রে শুধুমাত্র নারী পোলিং এজেন্ট নিয়োগ করা হবে বলে তিনি জানান।

তিনি আওয়ামী লীগকে তীব্র সমালোচনা করে বলেন, বিগত ১৭ বছরে দেশে ভোটের অধিকার ধ্বংস করা হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে। আওয়ামী লীগ এখন আর গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।”তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে লুটপাট ও পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে।

এসময় তিনি বিএনপির নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন। ইশরাক বলেন, হাদিকে কেন হত্যা করা হলো? তার কারণ ছিল তিনি ভারতীয় আগ্রাসনবিরোধী ভূমিকায় ছিলেন এবং এটি অনেকের কাছে হুমকি হিসেবে দেখা গেছে। তিনি বলেন, হাদিরা কখনো মরে না, তাদের আদর্শ জীবিত থাকে।

তিনি আরও মন্তব্য করেন, হাদির আদর্শ অনুসরণ করে তিনি রাজনীতি করেছেন এবং তার রাজনৈতিক অনুপ্রেরণা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার নীতি ও আদর্শে কোনো আপস ছিল না এবং তিনি কখনো বিতর্কিত ছিলেন না। হাদির হত্যার মাধ্যমে আওয়ামী লীগ তাদের রাজনীতিতে শেষ পেরেক ঢুকিয়েছে বলে মন্তব্য করেন ইশরাক।

এসময় উপস্থিত ছিলেন ওয়ারী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ আরিফ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকীতুল আহসান রন্জু, ওয়ারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়িক গোলাম মোস্তফা সেলিম, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোহাম্মদ বুলবুল, সাধারণ সম্পাদক জাফর ইকবাল লিটন, ওয়ারী থানা মহিলা দলের সভানেত্রী সোনিয়া মাওলা সহ নেতাকর্মীরা।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *