হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, রাজপথ ছাড়বেন না ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতারা জানিয়েছেন, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান চালিয়ে যাবেন।

শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি লেকচার থিয়েটার, ভিসি চত্বর ও টিএসসি ঘুরে শাহবাগ মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

কর্মসূচিতে শিক্ষার্থী, সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অবস্থানস্থলে বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তিনি বলেন, রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা ও হত্যার বিচারের নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়, তবে সেই সরকারের নৈতিক বৈধতা থাকে না।

অবস্থান কর্মসূচিতে সংগঠনটি তাদের তিন দফা দাবি পুনরায় তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে—দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে হত্যার বিচার সম্পন্ন করা, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা, নিরাপত্তা সংস্থার ভেতরে থাকা দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টার পদত্যাগ।

আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, শহীদ ওসমান হাদি ব্যক্তিগত নিরাপত্তার কথা ভাবেননি; তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছেন। তার রক্তের দাবি উপেক্ষা করা যাবে না।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, সরকার যদি ন্যূনতম বিচার নিশ্চিত করতে না পারে, তবে ক্ষমতায় থাকার অধিকারও তাদের নেই। বাধ্য হয়েই মানুষ রাস্তায় নেমেছে বলে তিনি মন্তব্য করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি জানান, এটি ইনসাফ ও ন্যায়ের লড়াই।

কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। ইনকিলাব মঞ্চের নেতারা জানান, প্রয়োজনে দিন-রাত শাহবাগে অবস্থান অব্যাহত থাকবে এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *