জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নেতা-কর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেছেন, ভোটের দিন ফজরের নামাজের পর থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত থেকে শুধু নিজের ভোট নয়, কেন্দ্রের প্রতিটি ভোটারের ভোট নিশ্চিত করে ফিরতে হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড় বাজারসংলগ্ন সাতমেরা ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী সারজিস আলমের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো নেতা-কর্মী বিজয় ছাড়া ঘরে ফিরবেন না। মনে রাখতে হবে, একটি দিনের সচেতন উপস্থিতি আগামী পাঁচ বছরের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে পরিবারতন্ত্রের রাজনীতি ভাঙতে হবে। গত ৫৪ বছরে দেশের রাজনীতিতে উত্তরাধিকারভিত্তিক ক্ষমতার চর্চা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই দেশে কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপি-মন্ত্রীর ছেলে এমপি-মন্ত্রী হওয়ার সংস্কৃতি চালু আছে। আমরা চাই আগামীর বাংলাদেশে একজন কৃষক, মুদি দোকানদার কিংবা রিকশাচালকের সন্তানও সংসদে প্রতিনিধিত্ব করুক।
একই জনসভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম। তিনি বলেন, ভোট দেওয়ার আগে প্রত্যেককে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে ন্যায়ের পক্ষে যাবেন, নাকি অন্যায়ের সঙ্গে থাকবেন।
জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ ঘিরে সন্ধ্যা থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা জমায়েত হন।
