মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে স্থানীয় আওয়ামী লীগের সাবেক ও বিশিষ্ট নেতারা অংশগ্রহণ করেছেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে বিএনপির নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের অন্তত ২০ জন প্রভাবশালী নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে আওয়ামী লীগের সাবেক উপজেলা সভাপতি ও পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, কাঁঠালবাড়ি ইউনিয়নের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার ব্যাপারী, শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। তারা সকলেই ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে বক্তব্য দেন এবং ভোট সমর্থনের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও উচ্চারিত হয়।
উঠান বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আজমল খান এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। উপজেলা বিএনপির সদস্য সচিব সোহল রানা বৈঠকটি পরিচালনা করেন।
বিএনপির প্রার্থী নাদিরা আক্তার সভায় বলেন, আমাদের লক্ষ্য এক – শিবচরকে উন্নত ও আধুনিক বানানো। একতা ছাড়া এটি সম্ভব নয়। আমরা সবাই মিলেমিশে কাজ করব। কে কোন দল করে তা বড় নয়, বড় বিষয় হলো আমরা সবাই মানুষ। আগামী দিনে কেউ অবৈধ বা অনৈতিকভাবে সমস্যার সৃষ্টি করতে পারবে না।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, এবারের নির্বাচনে আমাদের প্রার্থীকে সমর্থন জানাতে আসা আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি দেখাচ্ছে রাজনৈতিক ঐক্য এবং স্থানীয় জনগণের চাহিদা। এখানে কোনো দল পুনর্বাসিত হয়নি, বরং আমাদের প্রার্থীকে সমর্থন জানানো হয়েছে।
এ ঘটনার পেছনে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাদারীপুর-১ আসনের শিবচর এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের এই সমন্বিত সমর্থন নির্বাচনী ফলাফলের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। স্থানীয় রাজনৈতিক পরিবেশে এই ধরনের মিলিত প্রচারণা আগে কমই দেখা গেছে।
উল্লেখ্য, বিএনপি প্রার্থী নাদিরা আক্তার পূর্বে এই আসনের মনোনয়ন পাননি। পরে জেলা বিএনপি ও কেন্দ্রীয় কমিটির সমর্থন পেয়ে দ্বিতীয় দফায় মনোনয়ন পান। চলমান নির্বাচনী প্রচারণায় এই উঠান বৈঠক প্রার্থীকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।
