বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী জানান, পণ্যের নির্ধারিত মূল্য কার্যকর আছে কি না তা সরেজমিন যাচাই করতেই এ পরিদর্শন। তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানকে সামনে রেখে মূল্য বাড়ানোর চেষ্টা করছেন। যারা কৃত্রিম সংকট বা মূল্য কারসাজিতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বাজার পুরোপুরি স্থিতিশীল ও ক্রেতাবান্ধব করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। তবে বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা পেলে পরিস্থিতি আরও দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন দোকানে গিয়ে পণ্যের দাম যাচাই করেন। তিনি উল্লেখ করেন, ঢাকার মতো বড় শহরের সব বাজারে একযোগে তদারকি করা প্রশাসনিকভাবে কঠিন হলেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একাধিক টিম নিয়মিত নজরদারি করছে। ব্যবসায়ীদের মধ্যে জবাবদিহিতা ও সচেতনতা তৈরি করাই সরকারের লক্ষ্য।
বাজার সিন্ডিকেটের প্রশ্নে তিনি বলেন, বাজার যাতে গুটিকয়েক ব্যক্তির নিয়ন্ত্রণে না যায়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। কার্যকর পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে গুণগত পরিবর্তন আনা হবে।
রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের প্রতি নৈতিকতার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত মুনাফার লোভে সাধারণ মানুষের কষ্ট বাড়ানো উচিত নয়। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও অযৌক্তিক মূল্যবৃদ্ধি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, আমদানি পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে এবং টিসিবির মাধ্যমে বাজারে সরবরাহ করা পণ্যের দাম গত বছরের তুলনায় কিছু ক্ষেত্রে কম রয়েছে।
এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
