অবৈধ সম্পদ অর্জন এবং তা বৈধ করার অভিযোগে সহকারী কর কমিশনার তানজিনা সাথীসহ তিনজনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়–১ এ মামলাগুলো দায়ের করা হয়।
দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা দুটি করেন। মামলা দুটির নম্বর ৬ ও ৭। এজাহারে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, ৬ নম্বর মামলায় আসামি করা হয়েছে সহকারী কর কমিশনার তানজিনা সাথী এবং তার বাবা মো. মোশারফ হোসেন মল্লিককে। অনুসন্ধানে জানা যায়, সরকারি দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে তানজিনা সাথী অসাধু উপায়ে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন। পরবর্তীতে ওই অর্থ দিয়ে নিজের পাশাপাশি বাবা-মা ও অন্যদের নামে-বেনামে বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন বলে অভিযোগ উঠেছে।
এজাহারে উল্লেখ করা হয়, কর অঞ্চল–৭ ও কর অঞ্চল–৯ এর অধীন বিভিন্ন কর সার্কেলে দায়িত্ব পালনের সময় তিনি উৎকোচ গ্রহণ করেছেন বলে তথ্য পেয়েছে দুদক। ওই অর্থের মাধ্যমে গড়ে তোলা সম্পদের মধ্যে ৭ কোটি ৮৮ লাখ ২৮ হাজার ৬৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সন্ধান পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, এসব সম্পদের একটি অংশ তিনি তার বাবার নামে স্থানান্তর করে বৈধ করার চেষ্টা করেছেন।
অন্যদিকে ৭ নম্বর মামলায় আসামি করা হয়েছে তানজিনা সাথী এবং তার মা মোসা. রাণী বিলকিসকে। দুদকের অনুসন্ধানে তাদের বিরুদ্ধে ১ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার ৫৬৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
দুদকের এজাহারে বলা হয়েছে, সহকারী কর কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তানজিনা সাথী বিপুল পরিমাণ উৎকোচ গ্রহণের মাধ্যমে এসব সম্পদের মালিক হয়েছেন বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে।
