দেশের সংগীতাঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-এর ২০তম আসর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়ায়। দুই দশকের গৌরবময় যাত্রা পূর্ণ করা এই আয়োজন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।
আগামীকাল বগুড়ার পাঁচতারকা হোটেল মম ইনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের আসর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালে সিডি, ডিভিডি ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত গান থেকে বাছাই করে মোট ১৮টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।
এবারের আসরের বিশেষ আকর্ষণ ‘আজীবন সম্মাননা’ পাচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী কনকচাঁপা। চার দশকেরও বেশি সময় ধরে দেশের সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে বলে জানান আয়োজক কমিটির প্রজেক্ট ডিরেক্টর রাজু আলীম।
অনুষ্ঠানের প্রযোজনা ও ব্যবস্থাপনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম এবং চ্যানেল আই। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, এই পুরস্কার সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়, যা নবীন শিল্পীদের উৎসাহিত করার পাশাপাশি প্রবীণদের কাজের প্রতি নতুন প্রেরণা জোগায়।
একই সঙ্গে বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই আয়োজনের গুরুত্ব বিশেষ।
আজীবন সম্মাননা প্রসঙ্গে কনকচাঁপা বলেন, দীর্ঘ সংগীতজীবনে এটি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হলেও তার সংগীতযাত্রা এখনো চলমান। ভবিষ্যতেও তিনি নতুন গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করতে চান।
উল্লেখ্য, ১৯৮০-এর দশক থেকে সংগীতজগতে সক্রিয় কনকচাঁপা চলচ্চিত্র ও আধুনিক গানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। চার হাজারেরও বেশি গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন।
