ফুটপাত ব্যবসায়ীদের লাইসেন্স দেবে ডিএসসিসি, আসছে নতুন নীতিমালা

নিউজনেক্সট ডেস্ক :

2 Min Read
ফাইল ছবি।

রাজধানীর ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, ফুটপাতের ব্যবসাকে নিয়ন্ত্রণে এনে বৈধ কাঠামোর আওতায় আনা হবে।

বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর সামনে ফুটপাত দখলমুক্ত ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, ফুটপাতে যারা ব্যবসা করবেন, তাদের একটি নির্দিষ্ট নিয়ম ও আইনের আওতায় আনা হবে। এ জন্য ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হবে এবং কোথায় কে বসতে পারবেন, তা নির্ধারণ করে গাইডলাইন তৈরি করা হবে।

তিনি জানান, ইতোমধ্যে ফুটপাতের ব্যবসায়ীদের তালিকা তৈরির জন্য জরিপ কার্যক্রম শুরু হয়েছে। কারা ফুটপাতে ব্যবসা করার উপযুক্ত, তা যাচাই করে তাদের চিহ্নিত করা হবে।

হকার উচ্ছেদের পরিবর্তে পুনর্বাসনের ওপর জোর দিয়ে আব্দুস সালাম বলেন, “আমরা উচ্ছেদ নয়, বরং তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে চাই।” পাশাপাশি রাজধানীতে সান্ধ্যকালীন মার্কেট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি, যা বিশেষ দিনগুলোতে চালু রাখা হবে।

এছাড়া নগরীর যানজট নিয়ন্ত্রণে রিকশা ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনার ইঙ্গিত দেন তিনি। নতুন করে রিকশার লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে এবং কতসংখ্যক রিকশা চলবে, তা নির্ধারণ করা হবে বলে জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *