সরকার দায়িত্ব নেওয়ার পর ৪৬৪ হত্যা, ৬৬৬ ধর্ষণ মামলা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি :

2 Min Read
আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে ৪৬৪টি হত্যা ও ৬৬৬টি ধর্ষণের মামলা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সময়ে হত্যা মামলায় ৬০৪ জন এবং ধর্ষণ মামলায় ৫৩০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলার ১১ জন এবং ধর্ষণ মামলার ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন।

তিনি জানান, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের মামলাগুলো নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। দ্রুত অভিযোগপত্র দাখিলের জন্য প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলমান রয়েছে।

সংসদে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জমি দখল, চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ড দমনে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার ফলে এসব অপরাধ কিছুটা কমেছে বলেও দাবি করেন তিনি।

পুলিশ বাহিনীর জনবল প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫টি। নতুন করে আরও ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে সহকারী পুলিশ সুপার, উপপরিদর্শক ও কনস্টেবল পদ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া শূন্যপদে নিয়োগ কার্যক্রমও চলছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

গুম সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্ত কমিশনের প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনে সংরক্ষিত আছে। ভুক্তভোগী পরিবারগুলোকে আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *