ডিজিটাল সক্ষমতায় পিছিয়ে পড়লে নিরাপত্তা ঝুঁকি বাড়বে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড থ্রেট ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : বাসস

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন রাষ্ট্রীয় নিরাপত্তা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, প্রযুক্তিগত সক্ষমতায় পিছিয়ে পড়লে ভবিষ্যতে রাষ্ট্রীয় নীতি, নিরাপত্তা কৌশল ও গুরুত্বপূর্ণ তথ্য হুমকির মুখে পড়তে পারে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশে (আইইবি) আয়োজিত ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড থ্রেট ইন্টেলিজেন্স’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সেমিনারের আয়োজন করে আইইবির ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার।

জহির উদ্দিন স্বপন বলেন, বিশ্ব দ্রুত এআইনির্ভর যুগে প্রবেশ করছে। এই বাস্তবতায় বাংলাদেশকে টিকে থাকতে হলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, শিক্ষাক্রমে ডিজিটাল জ্ঞান অন্তর্ভুক্ত করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে প্রযুক্তি সম্পর্কে গভীর বোঝাপড়া নিশ্চিত করা প্রয়োজন।

তিনি প্রযুক্তিবিদ ও গবেষকদের সাধারণ মানুষের পাশাপাশি নীতিনির্ধারকদেরও প্রযুক্তির সম্ভাবনা ও ঝুঁকি সম্পর্কে সচেতন করার আহ্বান জানান। একই সঙ্গে তরুণদের মধ্য থেকে মেধাবীদের চিহ্নিত করে উন্নত প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা খাতে দক্ষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মো. রেদওয়ান জামান অনিক। স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক সাব্বির মোস্তফা খান।

আইইবি ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *