ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে জানতে চাওয়া হয়, কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না।

নির্ধারিত সময় অনুযায়ী ৭ জুনের মধ্যে জবাব দেওয়ার কথা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পর সময় বাড়িয়ে ৯ জুন পর্যন্ত করা হয়। পরে তারা লিখিত জবাব জমা দেয়।

মহাপরিচালক জানান, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আইন অনুযায়ী, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। ‘অর্ডিন্যান্সের ১২ ধারা অনুযায়ী ৩০ দিনের মধ্যে সরকারে কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করতে পারবে প্রতিষ্ঠানটি,’ বলেন মহাপরিচালক।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *