শরীয়তপুরের জাজিরা উপজেলায় শক্তিশালী বোমা বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় সোহান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামেরই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ একটি বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর একটি ঘরের দেয়াল ও টিনের চালা উড়ে গিয়ে ঘরটি সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত কয়েক দিন ধরে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল, এ কারণে পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখতে পান এবং কিছু দূরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
