আর্থিক অনিয়ম ও বাড়তে থাকা খেলাপি ঋণের প্রেক্ষাপটে বেসরকারি খাতের চারটি ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্যবেক্ষক নিয়োগ বাংলাদেশ ব্যাংকের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে এসব ব্যাংকের পর্ষদে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ এর পরিচালক মুনির আহমেদ চৌধুরী, প্রিমিয়ার ব্যাংকে পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এএনএম মঈনুল কবির, আইএফআইসি ব্যাংকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এ কে এম কামরুজ্জামান এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান দায়িত্ব পালন করবেন।
পর্যবেক্ষকরা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও নিরীক্ষা কমিটির সভায় উপস্থিত থাকতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী মতামত দিতে পারবেন। পাশাপাশি সভায় আলোচিত বিষয় ও গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে পর্যবেক্ষণ তুলে ধরে তারা প্রতিবেদন আকারে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে পাঠাবেন। এর মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী পদক্ষেপ গ্রহণ সহজ হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। সেই সময়ও বেশ কয়েকটি ব্যাংকে তদারকি জোরদার করতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
