ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনায় সরাসরি সামরিক সম্পৃক্ততার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই সংঘাতে ব্রিটিশ সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই।
সোমবার (৩০ মার্চ) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টারমার বলেন, এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এতে জড়িয়ে পড়ছি না। তবে তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা এবং মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি পুনরায় সচল রাখতে যুক্তরাজ্য কূটনৈতিক ও কৌশলগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, সরাসরি যুদ্ধে অংশগ্রহণের কোনো সিদ্ধান্ত নেই।
যদিও সেনা পাঠানো হচ্ছে না, তবুও যুক্তরাজ্য কিছু কৌশলগত সহায়তা দিচ্ছে বলে জানা গেছে। ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যা ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এতে সরাসরি যুদ্ধে না জড়িয়েও যুক্তরাজ্য পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের এই অবস্থানকে অনেকেই ‘সতর্ক ভারসাম্য’ নীতি হিসেবে দেখছেন যেখানে একদিকে মিত্রদের সহায়তা, অন্যদিকে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া এড়িয়ে চলার চেষ্টা করা হচ্ছে।
বিবিসি
