ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ শ্রাবনের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২৯ মে) ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ফ্লাইট থেকে মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি মরদেহপ্রাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মোহাম্মদ শ্রাবনের অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মরহুম মোহাম্মদ শ্রাবণ মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা। জীবিকার সন্ধানে তিনি দশ বছর আগে ইরাকে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি বাগদাদে মিসাইল হামলায় তার মৃত্যু ঘটে।
মরদেহ দেশে আনার পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেছে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত ২৭ মে সকাল ১০:২৫ মিনিটে মরদেহ বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে প্রেরণ করা হয়। ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে শুক্রবার সকালে ঢাকায় মরদেহ পৌঁছায়।
গত ২৫ মে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরীও এ খবর নিশ্চিত করেছিলেন।
