রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণের কাজে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী কোনো প্রোটোকল ছাড়াই বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় কয়েকটি স্থানে বর্জ্য অপসারণ না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যসহ আগের জমে থাকা ময়লা-আবর্জনা রাস্তার ওপরই পড়ে ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন:
- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব)
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন। সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের অবহেলা রোধের নির্দেশনা দেওয়া হয়েছে।
