স্থানীয় সরকার নির্বাচন: ৩১ আগস্ট প্রকাশ হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ কার্যক্রম শেষে আগামী ৩১ আগস্ট হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ভোটার তালিকা আইন, ২০০৯–এর ধারা ৩ (জ) অনুযায়ী ভোটার হওয়ার যোগ্যতা অর্জনের তারিখ ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করেছে কমিশন। এ হিসাবে ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে যাঁরা ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ভোটার ডাটাবেইসে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৪ আগস্টের মধ্যে হালনাগাদ খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ আগস্ট।

খসড়া তালিকা প্রকাশের পর ভোটার তালিকায় কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন করা যাবে ২৪ আগস্ট পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট। এরপর ২৮ আগস্টের মধ্যে সংশোধনের সিদ্ধান্তগুলো ভোটার তালিকায় যুক্ত করা হবে।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে খসড়া তালিকা জনসাধারণের পরিদর্শনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে ইসি। এ বিষয়ে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে ঘোষণা দেওয়া এবং স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরের মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ইসি জানিয়েছে, খসড়া তালিকায় নারী ভোটারের নাম পুরুষ তালিকায় বা পুরুষ ভোটারের নাম নারী তালিকায় অন্তর্ভুক্ত হওয়া, ধর্মসংক্রান্ত তথ্যের ভুলসহ যেকোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের ব্যবস্থা নিতে হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *