গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নতুন ইতিহাস

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ অর্জন করল এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উড়িয়ে প্যারাশুট জাম্পের মাধ্যমে নতুন বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ।

গত ১৬ ডিসেম্বর ঢাকায় আয়োজিত এক বিশেষ প্যারাশুট জাম্প অভিযানে এই রেকর্ড স্থাপন করা হয়। এতে অংশ নেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত স্কাইডাইভাররা। অভিযানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ অভিজ্ঞ প্যারাট্রুপাররা।

আকাশে একযোগে ভেসে ওঠা ৫৪টি লাল–সবুজ পতাকা দেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক পরিসরে স্মরণীয় করে তোলে। পুরো কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, ‘Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)’ শিরোনামে এ অর্জনের মাধ্যমে টিম বাংলাদেশ অফিসিয়াল টাইটেল হোল্ডারের স্বীকৃতি পেয়েছে।

রেকর্ডস ম্যানেজমেন্ট টিমের মতে, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বিজয় দিবসকে বৈশ্বিক পরিসরে তুলে ধরা এবং দেশের স্কাইডাইভারদের ঐক্য, সাহস ও সক্ষমতার বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য।

এই সাফল্য কেবল একটি বিশ্বরেকর্ড নয়, বরং এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতিফলন। ইতিহাসের পাতায় যুক্ত হওয়া এই গৌরবময় মুহূর্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *