পোস্টাল ব্যালট: ঠিকানা জটিলতায় ফেরত এলো ১১ হাজার

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ চালু করা হলেও ঠিকানা সংক্রান্ত জটিলতায় ১১ হাজার ২২৬টি ব্যালট বিতরণ করা সম্ভব হয়নি। এসব ব্যালট প্রেরণের পর সংশ্লিষ্ট দেশগুলো থেকে দেশে ফেরত এসেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান জানান, ফেরত আসা অধিকাংশ ব্যালটই সঠিক ঠিকানা না পাওয়ায় বিতরণ করা যায়নি।

অ্যাপের পরিসংখ্যান অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজার ৪২ জন ব্যালট গ্রহণ করেছেন। ইতোমধ্যে ভোট দিয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৪৪০ জন প্রবাসী ভোটার।

এ ছাড়া ৪ লাখ ৩ হাজার ৬২টি পূরণকৃত পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশে ও বিদেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন ভোটার, যাদের মধ্যে ৬ হাজার ২৪০ জন আইনি হেফাজতে রয়েছেন।

কমিশন জানায়, গত ২৬ জানুয়ারি থেকে দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দি ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। একই সঙ্গে দেশের ভেতর থেকেও পোস্টাল ভোট প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে যেসব পোস্টাল ব্যালট গ্রহণ করা হবে, সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *