ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ এর জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) । কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
আজ (সোমবার) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় মোট ২ হাজার ১৩১টি ভোট কেন্দ্র রয়েছে, যেগুলো দুইটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১৬১৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ৫১৭টি সাধারণ কেন্দ্র রয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৪ জন পুলিশ সদস্য এবং সাধারণ কেন্দ্রে ৩ জন সদস্য মোতায়েন থাকবে।
কমিশনার আরও জানান, ভোটকেন্দ্রগুলোর পরিস্থিতি মনিটরিং করতে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে এবং ১৮০টি স্ট্রাইকিং টিম এবং ৫১০টি মোবাইল টিম নিয়োজিত থাকবে। এছাড়া, স্পেশাল রিজার্ভ ফোর্স ও নির্বাচনী কাজে মোতায়েন করা হবে, যা প্রয়োজনে যেকোনো স্থানে দ্রুত পৌঁছাতে সক্ষম হবে।
ডিএমপি কমিশনার বলেন, “নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকেই আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ শুরু করেছি। আমাদের প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে।”
তিনি আরও জানান, সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও ক্রাইমসিন ভ্যানসহ অন্যান্য বিশেষ ইউনিটও প্রয়োজনীয় সময়ে কাজ করবে।
এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং সেল গঠন করা হয়েছে এবং নির্বাচনে পুলিশের সব সদস্যকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
সাজ্জাত আলী আরো বলেন, “এ নির্বাচনে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবো, যাতে এটি ভবিষ্যতের জন্য একটি উদাহরণ হয়ে থাকে।”
তিনি শেষ করেন, “ঢাকা শহরের জনগণকে অনুরোধ জানাচ্ছি, সুশৃঙ্খলভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন।”
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, এবং মিডিয়া বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
