মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, আহত ২

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
ছবি - সংগৃহীত।

মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও নূরনবী সরকার। আহতদের নাম জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

হাইকমিশন সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহত দুই বাংলাদেশিকে রাজধানী মালের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেহরির জন্য রান্না করতে গিয়ে গ্যাসের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে শ্রমিকদের কোয়ার্টারে থাকা সাত বাংলাদেশি দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।

গুরুতর আহত বাকি দুই বাংলাদেশিকে উন্নত চিকিৎসার জন্য মালেতে স্থানান্তর করা হয়েছে। জানা গেছে, ওই কোয়ার্টারে মোট ৩৮ জন বাংলাদেশি শ্রমিক থাকতেন। ঘটনার সময় বাকিরা অন্য কক্ষে ঘুমিয়ে থাকায় তারা অক্ষত রয়েছেন।

হাইকমিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ গণমাধ্যমকে জানায়, আহত দুজনের মধ্যে একজন আইসিইউতে এবং অন্যজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, আহতদের চিকিৎসা ও নিহতদের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে হাইকমিশন সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *