স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব, এক লাখ জনবল নিয়োগের ঘোষণা

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read
ছবি : বাসস

দেশের হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে ১ শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাজেট অনুমোদন হলে ধাপে ধাপে দেশের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে। তিনি দাবি করেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি, বরং অনিয়ম ও লুটপাট হয়েছে।

তিনি বলেন, “আমরা স্বাস্থ্যখাতের বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েছি। বাজেট পাস হলে আগামী অর্থবছরে হাসপাতালগুলোতে যতটুকু সম্ভব আধুনিক মেশিন ও সরঞ্জাম দেওয়া হবে।”

খুলনাসহ দেশের পাঁচ বিভাগীয় শহরে নির্মাণাধীন পাঁচটি আধুনিক শিশু হাসপাতাল আগামী পাঁচ মাসের মধ্যে চালু করা হবে বলেও জানান মন্ত্রী। এতে শিশু স্বাস্থ্যসেবায় নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হাসপাতালের নিরাপত্তা জোরদারে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ঈদের পর দেশের প্রতিটি উপজেলায় একজন প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ১০ সদস্যের নিরাপত্তা টিম মোতায়েন করা হবে। পাশাপাশি হাসপাতালের প্রতিটি ইউনিটে আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।

পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিশেষ করে শৌচাগারের অবস্থা নিয়ে ক্ষোভ জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের পরিবেশ ও সেবার মান নিয়ে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। রোগীদের দুর্ভোগ কমাতে নিয়মিত তদারকি বাড়ানো হবে।

স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে ঈদের পর এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। এই নিয়োগে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি বিশেষ বিসিএসের মাধ্যমে আরও চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

- Advertisement -

তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা আধুনিক ও কার্যকর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাজেট অনুমোদনের পর এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *