গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছুড়ে দেওয়া একটি কাঁচের পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হয়েছেন। আহত সাবিহা সুলতানাকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিচার কার্যক্রম চলার সময় আদালতকক্ষের পেছনের সারিতে কয়েকজন আইনজীবী কথা বলছিলেন। এ সময় বিচারক মো. সুজন মিয়া তাঁদের দিকে একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। সেটি গিয়ে প্রশিক্ষণরত আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করে। এতে তিনি আহত হন। পরে তাঁকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান বিচারকের এ ধরনের আচরণের সমালোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এম এ আলম সেলিমও ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে বক্তব্য জানতে বিচারক মো. সুজন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
