গণমাধ্যম কখনো মুক্ত ছিল না, এখনও নেই: কামাল উদ্দিন সবুজ

আব্দুল্লাহ আল মামুন, ফেনী : 

2 Min Read

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন, বাংলাদেশে গণমাধ্যম কখনোই পুরোপুরি মুক্ত ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও হবে না। নানা প্রতিবন্ধকতার মধ্যেই সাংবাদিকদের কাজ করতে হচ্ছে।

শনিবার (৩ মে) বিকেলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এক সময়কার সরকার সবকিছু দলীয়করণ করেছিল। ফেনীর সাংবাদিকরাও সেই সময় একাধিক মামলার মুখোমুখি হয়েছেন। ৫ আগস্টের পর থেকে নানা মহল থেকে খবরদারি চলছে। অনেকে চাকরি হারিয়েছেন। সাংবাদিকদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু পেশাগতভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

কামাল উদ্দিন সবুজ আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশকে নতুন করে গঠনের সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। সাংবাদিকতার সঙ্গে রাজনীতি বা ব্যক্তিস্বার্থ যুক্ত হলে, সেটা আর সাংবাদিকতা থাকে না। আমাদের জাতীয় পর্যায়ে যেমন ঐক্যের অভাব রয়েছে, তেমনি সাংবাদিকদের মধ্যেও ঐক্যের প্রয়োজন। সেই ঐক্যের শুরু হোক ফেনী থেকে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যমকে জনগণের মুখপাত্র করতে হবে। বেশি টাকা আয় করতে চাইলে সাংবাদিকতার জায়গা নয়—ব্যবসায় চলে যান। সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ পেশা, তবুও সততা ও সাহস নিয়ে কাজ করে যেতে হবে।

সাগর-রুনি হত্যা মামলা ও অন্যান্য সাংবাদিক হত্যার বিচার দাবিও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান। সভাপতিত্ব করেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেন, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দিদারুল আলম।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন:

আবদুর রহিম (দৈনিক সংগ্রাম), মামুনুর রশিদ (আনন্দ তারকা),আবু তাহের ভূঁইয়া (ডিবিসি নিউজ),আরিফুল আমিন রিজভী (দৈনিক ফেনী),এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়াপঙ্গম),আতিয়ার সজল (সময় টিভি),আরিফুর রহমান (যমুনা টেলিভিশন),আব্দুল্লাহ আল মামুন (দীপ্ত টিভি),হুমায়ুন পাটোয়ারী (মানবাধিকার সংগঠক),শুকদেব নাথ তপন (রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি),মাইন উদ্দিন (সাবেক সাধারণ সম্পাদক),জসিম মাহমুদ (মফস্বল সাংবাদিক ফোরাম),মহিউদ্দিন খোন্দকার (প্রাথমিক শিক্ষক সমিতি),নাজমুল হক শামীম (মানবজমিন, বিডিনিউজ),ইয়াছিন আরাফাত রুবেল (ফটো জার্নালিস্ট ফোরাম),তোফায়েল আহমেদ নিলয় (দেশ টিভি),আলাউদ্দিন (আমার কাগজ),মোহাম্মদ শেখ কামাল (ছাগলনাইয়া প্রেসক্লাব),এম এ হাসান (পরশুরাম প্রেসক্লাব),ইমাম হাসান কচি (দাগনভূঞা প্রেস ক্লাব),এম এ আকাশ (ইত্তেফাক ডিজিটাল) প্রমুখ।

- Advertisement -

আলোচনা সভায় ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *