জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কর ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব। একই সঙ্গে তাঁকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বও দেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি এ পদে আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হলেন।
আহসান হাবিব ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে ১৫তম বিসিএস পরীক্ষাতেও ট্যাক্সেশন ক্যাডারে প্রথম স্থান লাভ করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক এবং কর অঞ্চল-১৫-এর কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে কর ফাঁকি, অর্থ পাচার ও আর্থিক অনিয়মের অভিযোগে একাধিক অনুসন্ধান কার্যক্রম পরিচালনায় তিনি ভূমিকা রাখেন। এছাড়া অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’-এর বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি সম্পৃক্ত ছিলেন।
কর প্রশাসনে রাজস্ব আহরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত আহসান হাবিব বর্তমানে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।
