আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চার দিনের নির্বাচনী সফরে বের হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনে এক জনসভায় বক্তব্যের মধ্য দিয়ে তাঁর এই সফর শুরু হবে।
বুধবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সফরসূচির বিস্তারিত তুলে ধরেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে আয়োজিত বড় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। পরদিন ২৫ জানুয়ারি তিনি ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে দলীয় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে শুক্রবার ডা. শফিকুর রহমান পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও সফর করবেন। ওইদিন সন্ধ্যায় তিনি রংপুরে পৌঁছাবেন। পরদিন শনিবার তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
কবর জিয়ারত শেষে রংপুরে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। এরপর তিনি গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
চার দিনের এই সফরে উত্তরবঙ্গসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেবেন ডা. শফিকুর রহমান।
