সিলেটে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরুর আগে শ্বশুরবাড়িতে গিয়ে পারিবারিক ও রাজনৈতিক উষ্ণ সংবর্ধনা পেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার মধ্যরাতে দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুর গ্রামে শ্বশুরবাড়িতে পৌঁছালে আত্মীয়স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।
রাত সাড়ে ১২টার দিকে সেখানে পৌঁছান তারেক রহমান। এর আগে বাড়ির পথে পথে এলাকাবাসী তাকে স্বাগত জানান। শ্বশুরবাড়িতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি। আত্মীয়স্বজন ও স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এই মাহফিলে অংশগ্রহণকারীদের জন্য ৪৩ হাঁড়ি খাবারের ব্যবস্থা করা হয়।
দোয়া মাহফিল শেষে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান আত্মীয়স্বজন এবং নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিতদের উদ্দেশে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচনি প্রচার শুরু করতে বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা হন তারেক রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি প্রথমে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। এরপর হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন।
তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান। তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি এই বিরাহিমপুর গ্রামেই। সেখানে খালেদা জিয়ার স্মরণে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মসূচি শেষে তিনি রাতে গ্র্যান্ড হোটেলে ফিরে যান।
মাজার জিয়ারতের মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তারেক রহমান। সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। উল্লেখ্য, ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে একই মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনেও বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।
এদিকে বুধবার রাত থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেছেন।
বিএনপির রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড হোটেলে অরাজনৈতিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে বেলা ১১টায় তিনি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য রাখবেন।
জনসভা শেষে তিনি মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে এবং পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। সিলেট বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন আসনের প্রার্থীরাও উপস্থিত থাকবেন।
