গুমের দায়ে শেখ হাসিনাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সালাহউদ্দিনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

গুমের ঘটনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজন শীর্ষ কর্মকর্তা ও মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে অভিযোগপত্র জমা দেন তিনি। অভিযোগ গ্রহণ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শেখ হাসিনার পাশাপাশি যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এ কে এম শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগ দাখিলের পর সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে বিএনপি এই উদ্যোগকে সমর্থন জানাচ্ছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এই বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। ট্রাইব্যুনালের কার্যক্রম তরান্বিত করতে সরকারকে লজিস্টিক সহায়তা বৃদ্ধির আহ্বানও জানান তিনি।

নিজের গুম হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ দেশজুড়ে গুম ও নিপীড়নের শিকার ব্যক্তিদের এই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের আহ্বান জানান।

এই সময় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাবুসহ দলের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *