নড়িয়ায় ৭ লাখ টাকা-ভোটার তালিকাসহ জামায়াত কর্মী আটক

শরীয়তপুর প্রতিনিধি:

1 Min Read
ছবি - সংগৃহীত।

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে নগদ অর্থ, ল্যাপটপ ও নির্বাচনী সংশ্লিষ্ট কাগজপত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় মাস্টার গোলাম মোস্তফার বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

আটক গোলাম মোস্তফা (৫০) স্থানীয় জামায়াতের কর্মী বলে জানিয়েছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ টাকাসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা করেন।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে ওই বাড়ি থেকে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু খালি খাম ও নির্বাচনী লিফলেট উদ্ধার করা হয়েছে। জব্দ করা আলামতগুলো যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানানো হয়।

এ বিষয়ে মন্তব্য জানতে জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মব্বুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস জানান, খবর পাওয়া যায় যে স্থানীয় এক জামায়াত কর্মীর বাড়িতে ব্যাগভর্তি টাকা আনা হয়েছে। এরপর অভিযান চালিয়ে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয় এবং আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *