ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহমান জিকো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে শেখ আব্দুর রহমান জিকো বলেন, নির্বাচনি প্রক্রিয়ার শুরু থেকেই তিনি নানা অনিয়ম ও বৈষম্যের শিকার হয়েছেন। তার মনোনয়নপত্র প্রথমে বাতিল এবং পরে আপিলে পুনর্বহাল হওয়ার ঘটনাকে তিনি প্রশ্নবিদ্ধ উল্লেখ করেন। এছাড়া প্রতীক বরাদ্দ নিয়েও জটিলতার অভিযোগ তোলেন তিনি।
তিনি দাবি করেন, এসব ঘটনার কারণে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে তার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। পাশাপাশি নিরাপত্তাজনিত শঙ্কা ও মানসিক চাপের কথাও উল্লেখ করেন তিনি।
শেখ আব্দুর রহমান জিকো আরও বলেন, আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ না নেওয়ার প্রেক্ষাপটে দলীয় অবস্থান ও শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে তিনি ব্যক্তিগতভাবে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
এ ঘোষণার মধ্য দিয়ে ফরিদপুর-১ আসনের নির্বাচনি সমীকরণে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
