ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই রাজধানীসহ সারাদেশের কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তিনি ঢাকা-১৫ আসনের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ২৯৯টি আসনে মোট ১২ কোটির বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। একইসঙ্গে সংবিধানের প্রস্তাবিত পরিবর্তন সংক্রান্ত গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা দুটি আলাদা ব্যালট পেপারের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচন ও গণভোটে মতামত দিচ্ছেন।
সারাদেশে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের প্রায় আড়াই লাখ বুথে ভোটগ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-উৎসাহ বিরাজ করছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
