ঠাকুরগাঁওয়ে ভোট দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন ও মসৃণ যাত্রা শুরু হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ প্রতীক্ষা, আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে এ নির্বাচনের আয়োজন সম্ভব হয়েছে। বহু বাধা-বিপত্তি ও রক্তক্ষয়ের পর আজকের এই দিন এসেছে উল্লেখ করে তিনি বলেন, জাতির ইতিহাসে এটি একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত।
তিনি আরও বলেন, নতুন করে শুরু হওয়া গণতান্ত্রিক যাত্রা যেন দেশের মানুষের জীবন, রাজনীতি ও অর্থনীতিকে ইতিবাচক ও কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যায় এটাই তাদের প্রত্যাশা।
বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করেন এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন। আন্দোলন চলাকালে বহু মানুষ নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হলে দেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে।
