সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির নির্বাচনে পরাজয় স্বীকার করে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
পোস্টে শিশির মনির লেখেন, “আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।”
দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১১১টি ভোটকেন্দ্রের মধ্যে ৮২টির বেসরকারি ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে বিএনপির নাছির উদ্দীন চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট।
বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রক্রিয়াধীন থাকলেও প্রাপ্ত ফলাফলে বিএনপি প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
